Views Bangladesh Logo

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস, ‘শিক্ষার্থীদের জয়’

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাদের অনেকেই এটিকে শিক্ষার্থীদের আন্দোলনের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পদত্যাগের খবরটি শেয়ার করে হাততালির ইমোজি দেন। পাশাপাশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘ভাইইই... কী করে ফেললে!’

প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদ পুনরায় শেয়ার করে হাততালি, উদযাপন এবং লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। একই সঙ্গে তিনি শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়াও শেয়ার করেন।

অভিনেতা বিজয় ভার্মা ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’–র লাইন উদ্ধৃত করেন— ‘আচ্ছা চলতা হুঁ... দুআওঁ মে ইয়াদ রখনা’ (আমি চললাম, দোয়ায় মনে রেখো)।

কৌতুক অভিনেতা বীর দাস শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তায় লেখেন, ‘তোমরা আমাদের স্কুলের সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দকে আবার ফিরিয়ে এনেছ। তোমরাই জিতেছ। এখন উদযাপন করো।’

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর প্রাজক্তা কোলি একটি ভাইরাল পোস্টে মন্তব্য করেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’। এছাড়া মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানী আখতার ও তিসকা চোপড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

অভিনেত্রী স্বরা ভাস্কর এটিকে ‘শিক্ষার্থীদের বিশাল বিজয়’ বলে মন্তব্য করেন। অভিনেতা প্রকাশ রাজ লেখেন, ‘অভিনন্দন, প্রিয় ককরোচরা। তোমরা প্রমাণ করেছ, একটি সরকারকেও নতজানু করা যায়।’

অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করে লেখেন, ‘ডিপি বদলে গেছে! জেন-জিকে অভিনন্দন।’

নিট-ইউজি প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা শিক্ষার্থী বিক্ষোভের মুখে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল তার পদত্যাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ