রাহুলের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে আইনি পদক্ষেপ নিতে তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার দুপুরে থানায় যান। কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কার উপস্থিতিতে টালিউড শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম মামলা দায়ের করে।
এই সময় উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার ও বিদীপ্তা চক্রবর্তীসহ আরও অনেকে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এই ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
আইনজীবীসহ প্রিয়াঙ্কা সরকার থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্ত অবস্থাই দেখায় তাকে। থানায় ঢুকে তিনি অভিযোগপত্রে সই করেন।
রাহুল ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ এর শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান। পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল।
ঘটনাটি টালিউড সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তার ঘাটতি এবং দায় নির্ধারণের দাবি নিয়ে শিল্পীরা সরব হয়েছেন।
রাহুলের স্মৃতিতে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজ ‘জাস্টিস ফর রাহুল’ শোভাযাত্রার ডাক দিয়েছে, যাতে অংশ নেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে