Views Bangladesh Logo

গোল্ড গালায় ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড হাউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ‘গোল্ড গালা’। গত পাঁচ বছর ধরে আয়োজিত এই অনুষ্ঠানটিতে বিভিন্ন শিল্পক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এটি যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক সম্প্রদায়ের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এবারের আসরে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে। এছাড়া জেট লি পাবেন ‘গোল্ড লেজেন্ড অনার’ এবং সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার’। সম্মাননা তালিকায় আরও রয়েছেন চার্লস মেলটন, এইলিন গো এবং রেবতী অদিতি।

অনুষ্ঠানের সূচনা করবেন বোয়েন ইয়াং, যিনি একটি বিশেষ মনোলগ পরিবেশন করবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন আসিফ আলী, সাগর শেখ ও পূর্ণা জগন্নাথ। সংগীত পরিবেশন করবেন হেইলি কিয়োকো।

এছাড়া ‘গোল্ড হান্ড্রেড’-এর প্রতিনিধিত্ব করে এজেই, থেরেসিয়া গোউ, তেজস্বী মনোজ ও ব্রেট বোল্টন নিজ নিজ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা তুলে ধরবেন।

অনুষ্ঠান শেষে আয়োজন করা হবে বিলবোর্ড ও গোল্ড হাউজ প্রতিষ্ঠাতাদের যৌথ পার্টি। এতে পারফর্ম করবেন ড্র্যাগ রেস তারকা নিমফিয়া উইন্দ ও প্লাস্ক টায়ারা। ডিজে সেট পরিবেশন করবেন জো তাসলেম। পাশাপাশি থাকবে মেবলিন নিউইয়র্কের সেলিব্রিটি কারাওকে রুম, ভিকির কাস্টম ফটো বুথ এবং পাণ্ডা এক্সপ্রেসের বিশেষ ডিনার আয়োজন।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। ভারতে এসএস রাজামৌলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘বারাণসী’-তে অভিনয় করছেন তিনি, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন মুক্তির অপেক্ষায়। রুশো ব্রাদার্স পরিচালিত এ সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া আবারও এজেন্ট নাদিয়া শাহ চরিত্রে ফিরবেন। তার বিপরীতে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন। ‘সিটাডেল সিজন টু’ আগামী ৬ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ