Views Bangladesh Logo

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টে সম্পৃক্ততা, বরখাস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সম্পৃক্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী। একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে এ ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে তাকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। পাশাপাশি কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবিসহ একটি পোস্ট নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত কর্মকর্তা মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, একটি ইভেন্ট পোস্টে ভুলবশত ‘ইন্টারেস্ট’ বাটনে ক্লিক করেছিলেন, যা কিছু সময় তার বন্ধু তালিকায় দৃশ্যমান ছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি তা সরিয়ে দেন।

তিনি আরও বলেন, এটি ছিল অনিচ্ছাকৃত ভুল এবং অসাবধানতার ফল। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ