বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
আগের বছরের তুলনায় খরচ বাড়িয়ে ২০২৭ সালের হজের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যাকেজগুলোর ঘোষণা দেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
তিনি জানান, এবার বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ, সাধারণ এবং সাশ্রয়ী—এই তিন ধরনের হজ প্যাকেজ রাখা হয়েছে। বিশেষ প্যাকেজে খাওয়া ও কোরবানির সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
এ ছাড়া হজযাত্রীদের চাহিদা বিবেচনায় নিবন্ধিত হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
গত বছর বিশেষ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা। সেই হিসাবে এবার তিনটি প্যাকেজেরই খরচ বেড়েছে।
সবচেয়ে বেশি বেড়েছে সাধারণ প্যাকেজের খরচ, যা আগের বছরের তুলনায় ৪৫ হাজার ৫৮০ টাকা বেশি। বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।
মতামত দিন