জন্মদিনে মেইনস্ট্রিম মিউজিক ছাড়ার ইঙ্গিত দিলেন প্রীতম
রহস্যময় এক পোস্টের মাধ্যমে নিজের জন্মদিনে অবসরের ইঙ্গিত দিলেন বলিউডের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। রোববার (১৪ জুন) ছিল তার ৫৫তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই বলিউডের সঙ্গীত ভুবন থেকে বিরতি নেওয়ার একটি ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র জল্পনা-কল্পনা।
জন্মদিনের ওই বার্তায় প্রীতম লেখেন, “আজকের এই বিশেষ দিনে আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার জীবনটাকে একটু অন্যভাবে বাঁচতে চাই। এতদিন ধরে যা কিছু মিস করেছি, সেগুলোর জন্য এবার সময় দিতে চাই।”
তিনি আরও লেখেন, “এমন কিছু নতুন জার্নি শুরু করার সময় এসেছে, যা অনেকদিন ধরে আটকে ছিল। মেইনস্ট্রিম বা বলিউডের চেনা সফরটা দারুণ ছিল। তবে আমি সবসময়ই অচেনা রাস্তায় হাঁটতে বেশি ভালোবাসি। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।”
সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লে ব্যাক ছেড়ে দেওয়ার ঘোষণার রেশ কাটতে না কাটতেই প্রীতমের এমন বার্তায় ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো স্থায়ীভাবে সঙ্গীত জগতকে বিদায় জানাচ্ছেন। তবে ভক্তদের মাঝে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রীতম আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার কোনো ঘোষণা এখনও দেননি।
সঙ্গীত সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, প্রীতম আসলে পুরোপুরি অবসর নিচ্ছেন না। বরং অরিজিৎ সিংয়ের মতোই বলিউডের সিনেমার চেনা রুটিন আর উচ্চ-চাপের বাণিজ্যিক গান থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন তিনি। তার মূল উদ্দেশ্য এখন স্বাধীন সঙ্গীত এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিজের পছন্দের কিছু ব্যক্তিগত প্রজেক্টে মনোযোগ দেওয়া।

মতামত দিন