বগুড়ায় চলছে কারাবন্দীদের ভোট, আগ্রহী ৪ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। মোট বন্দীর তুলনায় ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৪ শতাংশ বন্দী। তাদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অল্প কিছু ভোট এখনো বাকি রয়েছে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়ার শেষ দিন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ ভিউজ বাংলাদেশকে জানান, বর্তমানে কারাগারে প্রায় ১ হাজার ৯১৭ থেকে ১ হাজার ৯১৮ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৭৭ জন ভোট দেওয়ার জন্য চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নিবন্ধনের পর অনেক বন্দী জামিনে মুক্তি পেয়েছেন। এ ছাড়া কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না—এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
তিনি আরও জানান, নিবন্ধনকারী ৭৭ জনের মধ্যে মোট কতজন ভোট দিয়েছেন, সে বিষয়ে আগামীকাল চূড়ান্ত তথ্য জানা যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে