কয়েদির পেটে অস্ত্রোপচারে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার ও নেইল কাটার
তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরাসহ বিভিন্ন বস্তু বের করেছেন চিকিৎসকেরা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই বন্দির নাম হাসমত আলী (৪৪)। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কারাগারটির সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, অস্ত্রোপচারের পর হাসমত আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাঁকে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের বাসিন্দা হাসমত একটি মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় তীব্র পেটব্যথা শুরু হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তাঁর পাকস্থলী ও পেটের ভেতরে একাধিক ধাতব ও অন্যান্য বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর পেটের ভেতরে অস্বাভাবিক পিণ্ডসহ জটিলতা শনাক্ত হয়। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, ইটের টুকরা এবং অন্যান্য বস্তু বের করা হয়। এসব বস্তু গিলে ফেলার কারণে তাঁর পরিপাকতন্ত্রে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে পানি ছাড়া অন্য কিছু খেতে গেলেই বমি করতেন তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, গত প্রায় তিন মাস ধরে বিভিন্ন সময়ে এসব বস্তু গিলে ফেলছিলেন হাসমত। কারাগারে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকা এই বন্দি সময় কাটানোর জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করলে তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। এ সময় কারাগারের ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন তিনি।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থতার দিকে রয়েছেন।
বর্তমানে হাসমত আলী ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন