কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরশ। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
কারারক্ষী আতিয়ার শেখ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরশকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পরশ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ এবং বাবার নাম মো. লিয়াকত। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন