শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে থাকা অবস্থায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ছিলেন সাহেদা। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
প্রাথমিকভাবে তাকে মাওনা আলহেরা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রফেসর জসিম উদ্দিন জানিয়েছেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থা গুরুতর হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে