পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পুলিশ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষনিক বিস্তারিত জানায়নি সিটিটিসি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি সোমবার রাতে এসব তথ্য জানান। এ ঘটনায় এর আগেও আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
গণমাধ্যমকে দেওয়া এক ক্ষুদে বার্তায় কে এন রায় নিয়তি বলেন, গত ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার সংক্রান্তে ব্রিফিং করা হবে। ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সরকার পতনের একদফা আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মতিঝিলের দিকে মাঠে ছিল জামায়াতে ইসলামী। বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের কনস্টেবল আমিরুলকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে