বিএনপির চাওয়া অনুযায়ী নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন: গণপূর্ত উপদেষ্টা
নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-কে বেঁছে নিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবস্থা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গণপূর্ত উপদেষ্টা আরও জানান, মন্ত্রীসভার সদস্যদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে শেরেবাংলা নগরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকাটি বিবেচনায় নিয়েছিল বিশেষ কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়ে আপাতত বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-কেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনুস যমুনা ছেড়ে যাওয়ার পর সেটিকে প্রয়োজনীয় সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারকাজ শেষ হতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে