শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, ছেলেদের বাধ্যতামূলক, মেয়েদের ঐচ্ছিক
দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছেলে শিক্ষার্থীর জন্য এতে অংশগ্রহণ বাধ্যতামূলক, আর মেয়ে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ ঐচ্ছিক রাখা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করে ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মাহদী আমিন বলেন, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর মাধ্যমে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়াকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, শিক্ষা, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করা হবে। এর উদ্দেশ্য শিক্ষাব্যবস্থায় সমতা নিশ্চিত করা, শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমানো এবং সবার জন্য সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
উপদেষ্টা আরও বলেন, উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আয়োজকদের প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে ফাইনাল খেলাতেও তাঁর উপস্থিতির আশা করা হচ্ছে।
স্টিয়ারিং কমিটির সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন