Views Bangladesh Logo

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শুরু করবেন তিনি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে পৌঁছাবেন তিনি।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে বসে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। এদিন সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি পরিচিতি সভা ও সংক্ষিপ্ত মতবিনিময় করবেন তারেক রহমান। নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দুপুরের খাবারের পর বিকেল ৩টায় সচিবালয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন তিনি। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও এটিই হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী আলোচনা।

এ ছাড়াও বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। সূত্র জানায়, শীর্ষ আমলাদের সঙ্গে এ বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকার নির্ধারণ এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকনির্দেশনা উঠে আসতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ