আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী সফরে তিনি জেলার সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার সকালেই সড়কপথে ঢাকার থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়াম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। বিকেল আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সময়ে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়কে সংস্কারকাজ চলছে। দীর্ঘদিনের খানাখন্দ মেরামতের পাশাপাশি সড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়েছে। সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফরে জেলার যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, মৎস্য খাতসহ সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তাদের ভাষ্য, জাতীয় মৎস্য পক্ষের মূল আয়োজন এবার প্রথমবারের মতো রাজধানীর বাইরে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে দেশের মোট মৎস্য উৎপাদনের বড় একটি অংশ হওয়ায় এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীকে এবারের আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে।
মতামত দিন