সিলেটে পৌঁছে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
মৌলভীবাজার জেলায় একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মৌলভীবাজার সফর।
বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সকাল সোয়া ১০টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই কর্মসূচি সম্পন্ন হলে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একই ধরনের আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল পৌনে ৫টায় দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
মতামত দিন