জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পর তার সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও চলছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ। অধিবেশনে তিনি সাধারণ পরিষদের ভাষণে বক্তব্য দেবেন। পাশাপাশি সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নয় দিনের এই সফরে জাতিসংঘের কর্মসূচির বাইরে সান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনাও রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। ফলে অধিবেশনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মালয়েশিয়া ও চীন সফরের পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে দ্বিপক্ষীয় সফরে তার ভারত যাওয়ার বিষয়েও আলোচনা চলছিল। তবে সেই সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সূচি ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সফরের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মতামত দিন