২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুরে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ইলিশের জনপদ হিসেবে খ্যাত চাঁদপুরে এখন সাজ সাজ রব এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরটি ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তর।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে সফল করতে পুরো শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিতভাবে সভাস্থলসহ বিভিন্ন কর্মসূচির স্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য।
রাজনৈতিকভাবেও এই সফরটি চাঁদপুরে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনগুলোর নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত বর্ণিল ব্যানার, ফেস্টুন আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝেও প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার কৌতূহল এবং জেলা নিয়ে তার বড় ধরনের কোনো উন্নয়ন ঘোষণার প্রত্যাশা লক্ষ্য করা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে সরকারের অগ্রাধিকারভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। যার মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন। এছাড়া নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিশেষ 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। এই সফরে তিনি চাঁদপুরের সামগ্রিক অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে