Views Bangladesh Logo

মালয়েশিয়া সফরের উদ্দেশে বিকেলে দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আজ বিকালে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতিতে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

রোববার (২১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরটিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি মূলত অবকাঠামো, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং বিনিয়োগ খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

সফরে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

চীনে যাওয়ার আগে মালয়েশিয়া সফর পর্বেও শ্রমবাজার সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন, ফলে এই সফরকে শ্রমিক স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। সেখানে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

পরবর্তীতে ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ