প্রতিবন্ধী ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
শারীরিক প্রতিবন্ধকতা যে সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির পথে কোনো অন্তরায় হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম। মেধার স্বীকৃতি হিসেবে এই কলেজছাত্রের নিজের তৈরি বিশেষ 'স্মার্ট কারে' চড়ে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে এই অনুপ্রেরণামূলক ঘটনাটি ঘটে।
এদিন উদ্ভাবক ওয়াকিমুলকে তার বিশেষ গাড়িসহ কার্যালয়ে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ওই বিশেষ গাড়িটির চালকের আসনে বসে আছেন ওয়াকিমুল আর তার পাশেই যাত্রীর আসনে বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িতে বসেই হাসিমুখে ওয়াকিমুলের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী গাড়িটি তৈরির কলাকৌশল এবং এর যান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিমুলের কাছে বিস্তারিত জানতে চান। এ ছাড়াও উদ্ভাবনের পথে কোনো প্রতিকূলতা রয়েছে কি না এবং এর ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
ওয়াকিমুল জানান, তার উদ্ভাবিত গাড়িটির বানানো এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
অভাবনীয় এই ক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন ওয়াকিমুলের বাবা। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে দেশের সরকারপ্রধানের কাছ থেকে সরাসরি এমন বিরল সম্মান ও উৎসাহ পাওয়ায় ওয়াকিমুল ও তার পরিবার ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে