রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সড়কের অবস্থা, রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতির কার্যকারিতা, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন, মাঠপর্যায়ের তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মূল উদ্দেশ্য ছিল রাতের বেলায় নগর ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি যাচাই করা।
প্রশাসন সূত্র জানিয়েছে, নগরবাসীর ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করতে প্রধানমন্ত্রী শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। এ কারণেই কোনো পূর্বঘোষণা ছাড়াই মাঠপর্যায়ে গিয়ে কোথায় কী ধরনের সমস্যা বা গাফিলতি রয়েছে, তা সরাসরি পর্যবেক্ষণ করছেন তিনি।
এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় গভীর রাতে রাজধানী পরিদর্শনে গিয়ে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই পদক্ষেপ সরকারের দায়িত্ব পালনে গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মতামত দিন