Views Bangladesh Logo

খুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচে গ্যালারিতে প্রধানমন্ত্রী

দেশের সবচেয়ে বড় প্রাথমিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’–এর চূড়ান্ত পর্বে খুদে ফুটবলারদের খেলা মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি গ্যালারি থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেন।

টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ম্যাচেই মূলত দর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

এর আগে বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে সেরা দলগুলো চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতের কর্মকর্তারা মনে করেন, এই টুর্নামেন্ট তৃণমূল পর্যায়ের প্রতিভা খুঁজে বের করার একটি বড় উদ্যোগ। আগামী আসরে অংশগ্রহণ আরও বাড়িয়ে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ