Views Bangladesh Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুলও হাত তুলে তাঁদের অভিবাদনের জবাব দেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে আসেন। মির্জা ফখরুল নিজের আসন থেকে উঠে প্রথমে শফিকুর রহমানকে আলিঙ্গন করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করেন। এরপর তারেক রহমান ও শফিকুর রহমান পরস্পরকে আলিঙ্গন করেন।

পরে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ