Views Bangladesh Logo

মাধ্যমিকে শুরু হচ্ছে ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্ট

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’ নামে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই প্রতিযোগিতার। আয়োজনে প্রধানমন্ত্রী নিজেও সম্পৃক্ত থাকবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বুধবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, প্রাথমিক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উদ্ভাবনী (ইনোভেশন) প্রতিযোগিতার পর এবার শুরু হচ্ছে ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ভিডিও, ডকুমেন্টারি ও অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতারও আয়োজন করা হবে, যাতে তারা নিজেদের সাফল্য, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরতে পারে।

তিনি আরও জানান, শিক্ষা খাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিবর্তে বিদ্যমান বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং বর্তমান শিক্ষাক্রমের পরিমার্জনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার নতুন শিক্ষাক্রম প্রণয়ন করছে না; বরং বিদ্যমান শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধনের কাজ চলছে। পাঠ্যবইয়ের বিভিন্ন ত্রুটি সংশোধনের পাশাপাশি কয়েকটি নতুন বিষয়ও যুক্ত করা হবে। সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে শিক্ষা সংস্কারের পূর্ণাঙ্গ প্রতিফলন দৃশ্যমান করা।

মাহদী আমিন বলেন, আমরা শুধু সনদনির্ভর শিক্ষা চাই না। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দক্ষতা, যোগ্যতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

এ সময় তিনি গণমাধ্যমের প্রতি শিক্ষাব্যবস্থার সমস্যা ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা শিক্ষার্থীদের সাফল্য ও অনুপ্রেরণার গল্পও গুরুত্ব দিয়ে প্রকাশ করার আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ