Views Bangladesh Logo

বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণিজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাদের হাতে পদক তুলে দেন।

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননাগুলোর অন্যতম ‘একুশে পদক’ এ বছর বিভিন্ন অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ ব্যক্তি ও একটি সংগঠনকে প্রদান করা হয়।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হলেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সৃজনশীল অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান জাতির জন্য গৌরবের বিষয়।

পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করে অন্তর্বর্তী সরকার।

এদিকে, একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী আজ বিকেলে যোগ দেবেন বাঙালির প্রাণের উৎসব ও বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হতে যাওয়া এই মেলার উদ্বোধন ঘোষণা করতে তিনি সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হবেন।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন শেষে তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং লেখক ও প্রকাশকদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ