নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর
তৃতীয় দিনের মতো সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ে অফিসে আসার তাগিদ দেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে তাকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
অতিরিক্ত প্রেসসচিব জানান, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে কারা কারা অফিসে উপস্থিত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেন। তিনি মৌখিক নির্দেশনা দেন, সবাই যেন নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরদিন থেকেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং টানা দুই দিন সেখানে কাজ করেন। এছাড়া গত শনিবার সরকারি ছুটির দিন হলেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে