Views Bangladesh Logo

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই সফরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অঞ্চলটির বড় বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান বর্ষা মৌসুমের বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে এবার বরিশালে কোনো উন্মুক্ত জনসভার আয়োজন করা হয়নি। তবে তাঁর সফরের পুরো সময় জুড়েই রয়েছে ঠাসা কর্মসূচি। সফরসূচির শুরুতেই সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক এলাকায় পৌঁছে আরেকটি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। দুপুরের পর বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে একটি মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, বহুল প্রতিক্ষিত ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে এই অঞ্চলে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো এবার জোরালো হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, এই মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ