আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত চন্দন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। তিনি আইনজীবী সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।
চন্দনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সংবাদমাধ্যমকে বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
পরে এ ঘটনায় ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে