Views Bangladesh Logo

নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে কক্সবাজারের মহেশখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে পলাশ থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের ধরতে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১-এর সহযোগিতায় মহেশখালী থানার ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়ও রয়েছেন। গ্রেপ্তার অন্যরা হলেন- শাহ আলম ফকির, রিফাত ওরফে বাবু ফকির, তুষার ও মেহেদী। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশের ডাংগা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ২ আগস্ট রাত ২টার দিকে হাসানহাটা ফকিরবাড়ী এলাকায় ইব্রাহিম আল মাসুম ও তার সহযোগীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে মাসুম গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা কয়েকজনও আহত হন।

আহত মাসুমকে প্রথমে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাসুম ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ঘটনায় মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট পলাশ থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ