Views Bangladesh Logo

অন্যের হয়ে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিতে গিয়ে জেল, চাকরি থেকেও বরখাস্ত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৯ জুলাই এ সংক্রান্ত বরখাস্তের আদেশ জারি করেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।

রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংগৃহীত তথ্য অনুযায়ী, গত ২০ জুন ঢাকায় জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে ‘জারিকারক’ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে হাতে-নাতে আটক হন শিক্ষক জুয়েল রানা। পরবর্তীতে ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই ঘটনা ও ছুটি প্রসঙ্গে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালাম জানান, গত ২০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের কাছ থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন জুয়েল রানা। তবে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় গত ১৪ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। তিনি ওই নোটিশেরও কোনো জবাব দেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছুটি শেষ হলেও কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না মেলায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব সূত্রে নিশ্চিত হয় যে, জালিয়াতির অপরাধে তিনি ঢাকাতেই গ্রেপ্তার হয়ে কারাগারে সাজা ভুগছেন। পরবর্তীতে জেল থেকে মুক্তি পেয়ে উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে গেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে আনুষ্ঠানিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রদান করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ