প্রাথমিকে শিক্ষক নিয়োগ: যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান সুপারিশপ্রাপ্তদের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে জাদুঘরের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কের অপর পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
আন্দোলনকারীদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ অক্টোবর যোগদানের নতুন তারিখ ঘোষণা করলেও তারা আগস্ট মাসের মধ্যেই যোগদান করতে চান।
আন্দোলনকারীদের নেতা দেবব্রত সরকার বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তিনি বলেন, প্রায় ছয় মাস আগে তারা চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন। কিন্তু এখনো যোগদানের সুযোগ না পাওয়ায় অনেকেই আগের চাকরি ছেড়ে বেকার অবস্থায় আছেন এবং সামাজিক ও আর্থিকভাবে সংকটে পড়েছেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এর আগের দিন মন্ত্রণালয় ২৯ অক্টোবর যোগদানের কথা জানিয়েছিল। আন্দোলনের প্রস্তুতির মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজারের বেশি প্রার্থী। পরে মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে এবং গত ১০ মে সুপারিশপ্রাপ্তদের বিষয়ে পুলিশি যাচাইয়ের নির্দেশ দেয়।
মতামত দিন