প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে এ মাসেই: উপদেষ্টা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি ফেব্রুয়ারির মধ্যেই তাদের সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে ‘পঠন দক্ষতা ও পঠন অভ্যাস বিকাশের যৌথ ও সমন্বিত প্রচেষ্টা’ শীর্ষক পঠন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রাথমিক শিক্ষা বিভাগ ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে দুদিনের এই সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের উপদেষ্টা বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, তৃতীয় শ্রেণি পর্যন্ত ৮৫ শতাংশেরও বেশি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮৪ শতাংশ বই মাঠে চলে গেছে। আশা করছি, শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই সব বই হাতে পাবে।’
তিনি বলেন, ‘অভিভাবকরা সন্তানদের কোথায় শিক্ষিত করাবেন তা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কেউ যদি মনে করেন, কিন্ডারগার্টেনে গিয়ে তার সন্তান ভালো শিক্ষা পাবে, সেটিও তার নিজস্ব সিদ্ধান্ত। কিন্ডারগার্টেনগুলো জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করে। তাদেরও বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের বই দেই, যেন তারা অনুসরণ করে। সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সেটি দেখা আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষার মান উন্নত করার চেষ্টা চালাচ্ছি এবং যেসব প্রাথমিক বিদ্যালয় ভালো, সেখানে ভর্তির জন্য মানুষ ভিড় জমাচ্ছে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (এনইপি) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গণি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে