শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরুর ঠিক আগের দিন শনিবার (২৩ মে) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কেটেছে। এ বিষয়ে অবশেষে চূড়ান্ত আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যেহেতু শনিবারকে অফিস কার্যদিবস হিসেবে ধরা হয়েছে, সেহেতু ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের আলোকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে।
এ ব্যাপারে অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শনিবার অন্য যেকোনো দিনের মতোই ক্লাস ও নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে।’
উল্লেখ্য, রমজান ও ঈদের ছুটির কারণে হওয়া ঘাটতি পূরণে আগে থেকেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই হিসাব অনুযায়ী আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) বিতরণের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়। ওই নির্দেশিকায় আগামীকাল থেকেই প্রাথমিকে খাবার বিতরণ বন্ধের কথা বলা হয়েছিল, যা পরোক্ষভাবে ওই দিন বিদ্যালয় বন্ধ থাকারই ইঙ্গিত দিচ্ছিল।
এই দুই বিপরীতমুখী নির্দেশনার কারণে শনিবার আসলে বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ—তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা হিমশিম খেতে হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে। কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় মাঠপর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের সঠিক তথ্য দিতে পারছিলেন না। তবে নতুন এই আদেশের মাধ্যমে সব ধরনের দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে