Views Bangladesh Logo

প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বই রাখার নির্দেশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৩ জুন মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) পাঠানো এক চিঠিতে প্রতিটি বিদ্যালয়ের পাঠাগারে এসব বইয়ের অন্তত এক সেট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা তিনটি বই হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। প্রথম দুটি বই লিখেছেন মাহফুজ উল্লাহ, আর তৃতীয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোশন আরা পলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে সিদ্ধান্তের কারণ সম্পর্কে মন্তব্য না করে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

ডিপিইর মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। নীতিনির্ধারণের দায়িত্ব মন্ত্রণালয়ের, অধিদপ্তর শুধু তা বাস্তবায়ন করছে।

এদিকে, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, স্কুল পাঠাগারে শুধু একটি রাজনৈতিক ধারার নেতাদের নয়, দেশের সব গুরুত্বপূর্ণ জাতীয় নেতার জীবন ও অবদান সম্পর্কিত বই থাকা উচিত।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে ভারসাম্যপূর্ণ ইতিহাস তুলে ধরা প্রয়োজন, যাতে তারা নিজেরাই মূল্যায়ন করতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ