Views Bangladesh Logo

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে ফলাফল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ফল প্রকাশকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুইটি উপায়ে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ বৃত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

দেশের অধিকাংশ জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ভৌগোলিক ও প্রশাসনিক কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিশেষ সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়।

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে—ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেড। মোট ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পাবে আর ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি।

বৃত্তির আওতায় ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর পর্যন্ত এই আর্থিক সুবিধা বহাল থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইনে আইপিইএমআইএস পোর্টালের মাধ্যমে এবং এসএমএস সেবার সাহায্যে শিক্ষার্থীদের ফলাফল দেখতে পারবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ