Views Bangladesh Logo

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী বছরের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। নিবন্ধনের এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসরণ করে বাংলাদেশ সরকার এ সময়সূচি নির্ধারণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে ইউজার আইডি তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, গুরুতর স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া এবং ক্যানসারের কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি গ্রহণরত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না।

এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিদেরও হজযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ