যেসব পণ্যের দাম কমতে পারে
২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক কাঠামো পরিবর্তনের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট ঘোষণায় তিনি জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করাই এ পদক্ষেপের অন্যতম লক্ষ্য।
প্রস্তাব অনুযায়ী, চিকিৎসা খাতে ব্যবহৃত বিভিন্ন জীবনরক্ষাকারী পণ্যের ওপর কর কমানো বা অব্যাহতির ফলে দাম কমতে পারে। এর মধ্যে রয়েছে—কিডনি ডায়ালাইসিস সেবা, হার্টের রিং বা স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস, ক্যান্সারের ওষুধ, জীবনরক্ষাকারী অন্যান্য ওষুধ, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান এবং বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট।
প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতেও কর সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মনিটর, এসএসডি, পিওএস মেশিনসহ বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের দাম কমতে পারে।
এছাড়া শিশুখাদ্য, বিভিন্ন ধরনের মসলা, খেজুর, সার, ভেটেরিনারি ওষুধ, কীটনাশক এবং কৃষি ও মৎস্যখাদ্যেও কর কমানোর প্রস্তাব রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি ও যানবাহন খাতে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক বাস ও ট্রাক, ই-বাইক, সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি, চার্জিং স্টেশনসহ সবুজ জ্বালানি সংশ্লিষ্ট উপকরণ।
ভোক্তা পর্যায়ের পণ্যের তালিকায় আরও রয়েছে মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, গিজার, সিসি ক্যামেরা, এটিএম মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। পাশাপাশি কিছু স্কিন কেয়ার ও জুয়েলারি পণ্যের ওপর কর কাঠামোও পুনর্বিবেচনার ফলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন