দাম বাড়তে পারে যেসব পণ্য ও সেবার
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক ও করহার বাড়ানোর ফলে বেশ কিছু নিত্যব্যবহার্য ও আমদানি পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রস্তাবে শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে একাধিক পণ্যের খরচ বাড়ার বাস্তবতা তৈরি হয়েছে।
যেসব পণ্যে দাম বাড়ার সম্ভাবনা বেশি
বাইসাইকেল
স্থানীয় উৎপাদন খাতে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ও সম্পূরক শুল্ক বাড়ানোয় বাইসাইকেলের দাম বাড়তে পারে।
সিগারেট
নিকোটিনজাত পণ্যে সম্পূরক শুল্ক ৩০০ শতাংশ থেকে ৩৫০ শতাংশে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্যও বাড়ানোর প্রস্তাব রয়েছে, ফলে খরচ বৃদ্ধি পাবে।
তেলচালিত গাড়ি
১২০০ থেকে ১৬০০ সিসি পর্যন্ত পেট্রল ও ডিজেলচালিত গাড়ির ওপর করভার বাড়ানোয় এসব গাড়ির দাম বাড়তে পারে।
ট্রান্সফরমার
আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সরঞ্জাম বিশেষ করে ট্রান্সফরমারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
ওয়াশিং মেশিন
আমদানি করা গৃহস্থালি ওয়াশিং মেশিনের ওপর নতুন সম্পূরক শুল্ক আরোপ করায় দাম বাড়তে পারে।
বিদেশি খাদ্য ও পানীয়
কফি, কনফেকশনারি ও প্রস্তুত খাবারের ওপর শুল্ক কাঠামো পরিবর্তনের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
অন্যান্য যেসব পণ্যে প্রভাব পড়তে পারে
-বিদেশি কাজুবাদাম ও সুপারি
-পাঙাশ মাছের ফিলেট
-বিদেশি মধু
-লিপস্টিক ও প্রসাধনী পণ্য
-এলপিজি গ্যাস সিলিন্ডার
-টাইলস, স্যানিটারিওয়্যার, ফোম, খেলনা ও গৃহস্থালি ইলেকট্রনিকস

মতামত দিন