১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৪৫০ টাকা নির্ধারণ
ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ২৮ টাকা বেশি।
এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সোমবার (৩ মার্চ) এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এলপিজির দাম প্রতি মাসে ঠিক করে বিইআরসি। তবে, বাজারে এলপিজি নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে। ১২ কেজি সিলিন্ডারটি সবচেয়ে বেশি ঘরোয়া ব্যবহারে ব্যবহৃত হয়।
বিইআরসির নতুন মূল্য অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম ভ্যাটসহ প্রতি কেজি ১২০ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১২৩ টাকা ১৬ পয়সা। এর ভিত্তিতে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।
সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা ৬৯০ টাকা। এছাড়া, গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) এর নতুন মূল্য প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।
এলপিজির দাম বিইআরসি এপ্রিল ২০২১ থেকে নির্ধারণ করছে। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বুটান বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরবের কোম্পানি অ্যারামকো প্রতি মাসে এই দুই উপাদানের দাম প্রকাশ করে, যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত। বিইআরসি সৌদি সিপি ভিত্তি করে দেশের এলপিজির দাম সমন্বয় করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে