Views Bangladesh Logo

সাভারে মাঠে স্কচটেপ মোড়ানো বস্তু, বোমা আতঙ্কে ঘিরে রেখেছে পুলিশ

সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে ড্রামের ভেতর স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু পাওয়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পরীক্ষা ও উদ্ধারের জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামটির ভেতরে কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপ দিয়ে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়। আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তিন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় ড্রামটি রেখে যেতে দেখা গেছে। তবে তাদের পরিচয় বা ড্রামটি সেখানে রাখার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, বিষয়টি পরীক্ষা করতে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করার পর এটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। জননিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রেসার কুকার সদৃশ বস্তুটি আসলে বিস্ফোরক বা বোমা কি না, তা এখনই বলা যাচ্ছে না। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ