প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের নিন্দা জানাল প্রেস উইং
ভারতীয় টেলিভিশন চ্যানেল “আজ তাক বাংলা”য় সম্প্রচারিত এক প্রতিবেদনে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে প্রধান উপদেষ্টার পদক প্রদানের একটি ছবিকে ‘গোপন’ বলে অভিহিত করা হয়েছে।
এই ঘটনাকে বাংলাদেশের বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচারের অংশ এবং অত্যন্ত নিন্দাজনক হিসেবে বর্ণনা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (৪ মে) প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
“আজ তাক বাংলা”র ওই প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের সঙ্গে পাকিস্তানি সামরিক জেনারেলদের পোশাকের মিল রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কার সঙ্গে হাত মেলাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে তাদের অসামান্য কৃতিত্বের জন্য পদক দেয়া হয়। প্রশ্নবিদ্ধ ছবিটি সেই পদক প্রদান অনুষ্ঠানের।
ছবিতে উপস্থিত পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক—খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ এবং ছিবগাত উল্লাহ, এবং উপ-মহাপুলিশ পরিদর্শক কাজী ফজলুল করিম। তারা সকলেই নিজ নিজ দায়িত্বে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক লাভ করেছেন।
প্রেস উইং আরও জানায়, ‘এই ছবি কোনো গোপনীয় বিষয় নয়। এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমের জন্য সরবরাহ করা হয়েছিল। ‘আজ তাক বাংলা’র প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকেও জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে