রাজনীতিতে না গিয়ে সাংবাদিকতায় ফিরে যাওয়ার ঘোষণা প্রেস সচিবের
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বরং পুরোপুরি সাংবাদিকতা ও লেখালেখিতে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি।
বুধবার (২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে রাজনীতিতে যোগ দেয়ার গুঞ্জনের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘কিছু বন্ধু বলছেন আমি কোনো বড় কিংবা নতুন রাজনৈতিক দলে যাচ্ছি। স্পষ্ট করে বলতে গেলে, আমার কোনো রাজনৈতিক দলে যাওয়ার আগ্রহ নেই। সংসদ সদস্য বা বড়মাপের কোনো রাজনৈতিক ব্যক্তির মতো জীবনযাপন করার কোনো ইচ্ছাও আমার নেই।’
বাংলাদেশের রাজনীতিকে সিঙ্গাপুর ও ইউরোপীয় কিছু দেশের রাজনীতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সেসব দেশে রাজনৈতিক নেতারা সম্মানজনক আর্থিক সুবিধা পান। কিন্তু আমাদের দেশে রাজনৈতিকভাবে সচ্ছল মানেই প্রায়ই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমি সে পথে হাঁটতে চাই না।’
চলমান দায়িত্ব শেষ হওয়ার পর লেখালেখিতে মনোযোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমি কয়েকটি বই লেখার পরিকল্পনা করছি। এমনকি পুরো জীবনটা জুলাই অভ্যুত্থান নিয়ে লেখালেখিতে উৎসর্গও করতে পারি। আমি এমন সাহসী ও ব্যাপক রাজনৈতিক আন্দোলন আগে দেখিনি।”
সম্প্রতি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, ‘গত কয়েক মাসে কিছু আওয়ামী লীগ কর্মী থেকে হুমকি পেয়েছি। তারা হয়তো জনপ্রিয়তা কমে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এসব করেছে।’
পোস্টের শেষাংশে বিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাদের ফিরে যেতে হবে। জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে