Views Bangladesh Logo

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও ফল ঘোষণার আগে রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ ওঠায় প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে । সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনুল আবেদীন অভিযোগ পাওয়ার পর কার্যত ব্যবস্থা নেন।

নির্বাচনী নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা থাকে। তবে নাজিম উদ্দীন ভোটগ্রহণ চলাকালীন সময় শিটে আগেই নিজের স্বাক্ষর ও সিল ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।

তিনি জানান, ভোটগ্রহণ শেষে ফল প্রস্তুত করতে সময় লাগে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের জন্য আগেই স্বাক্ষর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের দায়িত্ব থেকে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ