Views Bangladesh Logo

সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

সিলেটের বালাগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত আটটার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট রাতের বেলা কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে বিএনপির প্রার্থী এম এ মালিকের সমর্থকেরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান।

রাতে এজেন্টের কেন্দ্রে প্রবেশ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী কেন্দ্রে একটি পক্ষ ভোট ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে প্রার্থী ঘটনাস্থলে যাচ্ছিলেন বলেও জানানো হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, রাতের বেলা কোনো এজেন্টের কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। কেন প্রিসাইডিং কর্মকর্তা এজেন্টকে ভেতরে ঢুকতে দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ