Views Bangladesh Logo

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদে তার দপ্তরে পৌঁছে দেন।

সংবাদ ব্রিফিংয়ে স্পিকার বলেন, রাষ্ট্রপতি গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। এ কারণে তিনি শারীরিকভাবে দায়িত্ব পালনে অসমর্থ হয়ে পদত্যাগ করেছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রসঙ্গে স্পিকার বলেন, আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। শপথেই এ বিষয়টি উল্লেখ থাকে। রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ