Views Bangladesh Logo

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো গেলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে এবং উভয় দেশের মানুষ এর সুফল পাবেন।

বাংলাদেশে পাকিস্তানি তৈরি পোশাক, বিশেষ করে নারীদের পোশাকের চাহিদার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশটির তৈরি পোশাক, তুলার সুতা ও অন্যান্য পণ্য আমদানির সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের সিরামিক, পান, কৃষিপণ্য ও ওষুধসহ মানসম্মত পণ্যের পাকিস্তানের বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথাও বলেন রাষ্ট্রপতি।

পাকিস্তানের হাইকমিশনার জানান, অক্টোবরে ঢাকায় পাকিস্তানি পণ্যের একটি বাণিজ্য মেলা আয়োজন করা হবে। বাংলাদেশি পণ্য নিয়েও পাকিস্তানে একই ধরনের মেলা আয়োজনের আহ্বান জানান তিনি। এ ছাড়া ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম উৎপাদনে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন ইমরান হায়দার। বাংলাদেশি চায়ের মানের প্রশংসা করে পাকিস্তানের বাজারে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি চা রপ্তানির আহ্বান জানান তিনি।

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে হাইকমিশনার বলেন, এই যোগাযোগ দুই দেশের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ সময় রাষ্ট্রপতি বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ বিনিময় এবং বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের কথাও বলেন।

সাক্ষাতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে পাকিস্তানের রাষ্ট্রপতিকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইমরান হায়দার বাংলাদেশে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, প্রশিক্ষণ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বহুমাত্রিক ও ফলপ্রসূ হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ