Views Bangladesh Logo

চোরাচালান, মাদকপাচার ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাতে বিজিবি মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি, বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তা আরও কার্যকর করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পুশ ইন ও সীমান্ত হত্যার মতো ঘটনাগুলো বন্ধে বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বিজিবির প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ