Views Bangladesh Logo

৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে পদটি শূন্য হয়েছে এবং সাংবিধানিক বিধান মেনেই নির্বাচন আয়োজন করা হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ইসির কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হবেন জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য। তাদের নিয়ে ভোটার তালিকা দ্রুত প্রস্তুত ও চূড়ান্ত করা হবে। তালিকা চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এদিকে সাপ্তাহিক ছুটির কারণে শনিবার নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী কমিশন বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ