রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোট গ্রহণের সময় সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হতে পারে।
ভোটদানের পদ্ধতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী ২০ কর্মকর্তা, স্পিকারসহ, ব্যালট পেপার সদস্যদের কাছে পৌঁছে দেবেন। এরপর সদস্যরা পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন এবং সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
ইসি সচিব জানান, বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সংসদ অধিবেশনকক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট ব্যালটের সংখ্যা ৩৪৯টি। গণনা শেষে সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। পরে সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থাও থাকবে।
ব্যালট পেপারের বিষয়ে আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। একটি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। ভোটারকে প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।
ইসি সচিব আরও জানান, নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন। তাঁদের জন্য আলাদা পরিচয়পত্র থাকবে। নির্বাচন কমিশনাররাও উপস্থিত থেকে ভোট গ্রহণ ও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ বিরতির পর এবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমপিরা নিজ দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তা সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এটি একটি রাজনৈতিক প্রশ্ন এবং নির্বাচনের পদ্ধতিগত বিষয়ের বাইরে। তাই রাজনৈতিক নেতাদের কাছ থেকে এর উত্তর জেনে নেওয়াই ভালো।
মতামত দিন