Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রী—তিনজনই এই নির্বাচনের ভোটার। তাই এটি একটি উচ্চপর্যায়ের নির্বাচন হতে যাচ্ছে। ভোটের ফলাফল সম্পর্কে তিনি বলেন, ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা করে তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হবে।

ভোট সরাসরি সম্প্রচারের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনা শুরু হলে আবারও সরাসরি সম্প্রচার চালু করা হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনাও সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ